ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে মামুন (২০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) দুপুরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের দরিয়াদৌলত গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মামুন ওই গ্রামের জসিম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই তার বিরোধ ও বাকবিতণ্ডা হতো। মঙ্গলবার রাতেও পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের একপর্যায়ে তিনি নিজ ঘরের কাঠের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক হতাশা থেকে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। এছাড়া পরিবারের আর্থিক অসচ্ছলতা ও বিভিন্ন সামাজিক সমস্যাও এ ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।