সিএনজিতে অভিনব কায়দায় বিদেশী মাদক পাচারকালে নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-জারিয়া মোড় এলাকায় ৩৬ বোতল মদসহ আবু সাঈদ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। বুধবার (২৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক আবু সাঈদ জেলার দুর্গাপুর উপজেলার ফান্দা বাজার এলাকার মৃত আবু হানিফের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, দুর্গাপুর থেকে একটি সিএনজিতে করে ভারতীয় মাদকের চালান ময়মনসিংহের দিকে নেওয়া হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে শ্যামগঞ্জ-জারিয়া মোড়ে অবস্থান নেয় হাইওয়ে পুলিশের একটি দল। এসময় সন্দেহভাজন ওই সিএনজিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজির যাত্রী আবু সাঈদের হেফাজত থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মাদক পাচার রোধে নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।