গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দক্ষিণবঙ্গ সফরকে কেন্দ্র করে মাদারীপুরে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। টানা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রমের সময় তাঁকে হাত নেড়ে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দিলে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার কালকিনির ভুরঘাটা বাস স্ট্যান্ডে বাড়তে থাকে নেতাকর্মীদের উপস্থিতি। সোমবার সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মহাসড়কের দুই পাশে জড়ো হন। দলীয় পতাকা ও ব্যানার হাতে তাঁরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
মাদারীপুরের কালকিনিতে বিএনপির নেতাকর্মীরা পৃথকভাবে স্বাগত কর্মসূচি পালন করেন। কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় পুরো এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ।

তারেক রহমানকে বহনকারী বাস
একটি সুশৃংখল নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর মাদারীপুর অতিক্রম করে।গাড়ির সামনের অংশে অবস্থান করে প্রধানমন্ত্রী তারেক রহমান হাত নেড়ে মহাসড়কের দুই পাশে অপেক্ষমাণ নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ।
এ সময় স্বাগত কর্মসূচির পাশাপাশি নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত অংশ ছয় লেনে উন্নীত করার দাবি জানান। তাঁদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম দক্ষিণাঞ্চল সফর। ফলে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।