যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকালে দিবসটি উপলক্ষ্যে পটুয়াখালী শহরের ঝাউতলা সংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জুলাই স্মৃতিস্তম্ভে রাষ্ট্রের পক্ষে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এরপর পর্যায়ক্রমে পটুয়াখালীর পুলিশ সুপার, পটুয়াখালী পৌরসভার প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় স্মৃতিস্তম্ভ এলাকা শহিদদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় মুখরিত হয়ে ওঠে। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সভায় বক্তারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গঠনে যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।