সিলেটের ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত সিলেট এর হযরত শাহজালাল ইয়ামানী (রহ.) মাজার দীর্ঘদিন ধরে ভক্ত ও অনুসারীদের দান-খয়রাত, গরু-ছাগল, হাঁস-মুরগি, এমনকি স্বর্ণ ও রুপাসহ বিভিন্ন ধরনের উপঢৌকনের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। ঐতিহাসিকভাবে এসব দান-অনুদান খাদেমদের ব্যক্তিনির্ভর ব্যবস্থাপনার আওতায় থাকায় দীর্ঘদিন ধরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশ্বজুড়ে সিলেট অঞ্চলের প্রতি গভীর আধ্যাত্মিক শ্রদ্ধাবোধ বিদ্যমান। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সাধারণ জনগণ ও ভক্ত-অনুসারীরা মনে করেন, এই পবিত্র মাজারের প্রতি মানুষের ভালোবাসা ও বিশ্বাস শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে। প্রবাসীসহ বিভিন্ন দেশের ভক্তরা নিয়মিতভাবে দান-অনুদান প্রেরণ করেন। এ কারণে সিলেটকে অনেকে আধ্যাত্মিক মর্যাদায় “মদিনাতুল উলামার দেশ” হিসেবেও সম্মান করে থাকেন। হযরত শাহজালাল ইয়ামানী (রহ.) এর আগমনকে কেন্দ্র করে এই অঞ্চল ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলে ঐতিহাসিকভাবে বিশ্বাস করা হয়। তাঁর আগমনের মাধ্যমে সিলেট আধ্যাত্মিক ঐতিহ্য ও পরিচিতিতে সমৃদ্ধ হয়েছে বলে ভক্তরা মনে করেন। তবে সাধারণ মানুষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার উঠে আসছে—বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিপুল দান-অনুদান, স্বর্ণ ও রুপার মতো মূল্যবান সম্পদের সঠিক হিসাব-নিকাশ কোথায় এবং কীভাবে সংরক্ষিত হচ্ছে? এই প্রেক্ষাপটে অনেকে মনে করেন, এ ধরনের প্রতিষ্ঠানে কঠোর প্রশাসনিক নজরদারি ও আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি। বিশেষ করে জেলা প্রশাসনের সক্রিয় মনিটরিং ও নিয়মিত তদারকি থাকলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে বলে মত দিচ্ছেন অনেকে। এ প্রসঙ্গে জেলা প্রশাসক সারোয়ার আলম–এর কঠোর নজরদারি ও ভূমিকা নিয়েও ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। সব মিলিয়ে, সরকারি নীতিমালা ও প্রশাসনিক তত্ত্বাবধানে মাজার পরিচালনা কার্যক্রম আরও সুসংগঠিত হলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, ভক্তদের আস্থা দৃঢ় হবে এবং ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।