‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে দেশব্যাপী ভূমি মেলা ২০২৬।
আজ (মঙ্গলবার) পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
মেলার প্রথম দিন সকাল ৯ টায় পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জিমনেসিয়াম (ব্যায়ামাগার) মাঠে এসে শেষ হয়।
পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
র্যালি শেষে জিমনেসিয়াম মিলনায়তনে উপস্থিত অতিথি ও সুধীজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধনী বক্তব্য শোনেন এবং মূল অনুষ্ঠানে যুক্ত হন।
তিন দিনব্যাপী এই মেলার বিভিন্ন স্টলে দেশের ভূমি সেবার উন্নয়ন ও ডিজিটালাইজেশনের ইতিহাস তুলে ধরা হয়েছে। বিশেষ করে, বাংলাদেশে আধুনিক ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান ও উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রদর্শনীতে বিশেষভাবে উপস্থাপন করা হয়।
প্রধানমন্ত্রী কর্তৃক মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিশেষ অতিথি সাংসদ আলতাফ হোসেন চৌধুরী ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে তারা মেলায় আগত দর্শনার্থী, সেবাপ্রার্থী এবং আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন।
শুরুতেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ভীড়ে পরিপূর্ণ হয়ে যায়।