বাংলাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, নিপীড়ন, হয়রানিমূলক মামলা এবং বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ১৫ জন সদস্য। এসব ঘটনার প্রতিবাদে তাঁরা একটি যৌথ বিবৃতিও দিয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডন বাংলা প্রেসক্লাবে বাংলাদেশে সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা ও বিনা বিচারে কারান্তরীণের প্রতিবাদে আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা এ উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকারকর্মী ড. আনিছুর রহমান আনিছ। সভায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাংলাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন এবং মতপ্রকাশ ও বাক্স্বাধীনতার ওপর হস্তক্ষেপের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, দীর্ঘদিন বিনা বিচারে আটক রাখা এবং কারাগারে প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ নিয়েও তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।
আলোচনায় বক্তারা দাবি করেন, অন্তত ৪১২ জন সাংবাদিককে হত্যা মামলাসহ বিভিন্ন হয়রানিমূলক মামলায় আসামি করা হয়েছে। এসব ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনভাবে কাজ করার পরিবেশ এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।
সভায় বক্তব্য দেন ফজলে রাব্বী স্মরণ, খন্দকার তারেক রায়হান, ব্যারিস্টার তৌহিদুল আলম বাহার, অ্যাডভোকেট মুজিবুল হক মনি, জামাল আহমেদ খান, ডা. নোবেল খান, মুস্তাফিজুর রহমান সুহাগ, আহাদ চৌধুরী, মোশাহিদ আলী মুহিম, খালেদ আহমেদ রাজ ও মাসুম বিল্লাহসহ অনেকে।
বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত, আটক সাংবাদিকদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরির আহ্বান জানান।