নেত্রকোণার দুর্গাপুরে আল-খিদমাহ স্বেচ্ছাসেবক যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেলো তিন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী।
শনিবার (১৩ জুন) দুর্গাপুর তেরী বাজারের বড় মসজিদ দারুল উলুম আবাসিক মাদ্রাসা প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা আব্দুর রব। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা দেবার পাশাপাশি ফ্রি ঔষধ প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. মুহাম্মদ রাফিউল ইসলাম তালুকদার, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান, পল্লী ডিজিটাল ক্লিনিকের পরিচালক ডা. সারোয়ার হোসেন শিপলু তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহেল রানা এবং ডা. সাইফুল।
এই মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহীতারা বলেন, আল খিদমাহ স্বেচ্ছাসেবক যুব ফাউন্ডেশনের এই স্বাস্থ্যসেবামূলক উদ্যোগটি প্রশংসার দাবিদার। এমন আয়োজন অব্যাহত থাকলে সকলেই উপকৃত হবে।
সংগঠনের সভাপতি শফিকুল আলম সজীব বলেন, আল-খিদমাহ স্বেচ্ছাসেবক যুব ফাউন্ডেশন সামাজিক ও মানবিক কল্যাণমূলক কার্যক্রম করে যাচ্ছে। সমাজের সর্বস্তরের মানুষের জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে।