পটুয়াখালীতে খাদ্যের স্বাস্থ্যগত ও গুণগত মান নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশনায় আজ ০৭ জুন (২০২৬) বিকেলে শহরের তিতাস মোড় এলাকায় এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
আজ বিকেল ৫:৩০ ঘটিকায় পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে পচা, বাসি ও ছত্রাকাক্রান্ত খাদ্যসামগ্রী মজুদের দায়ে একটি ফাস্টফুড রেস্তোরাঁকে অর্থদণ্ডসহ সিলগালা করা হয়।
সূত্র জানায়, তিতাস মোড় এলাকার বিভিন্ন হোটেল ও ফাস্টফুড রেস্তোরাঁয় নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে ‘চাই পাই’ নামক একটি ফাস্টফুড রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে চরম অস্বাস্থ্যকর ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পচা ও ছত্রাকাক্রান্ত পিৎজা, বার্গার, রুটি এবং বাসি মেয়োনিজ মজুদ অবস্থায় জব্দ করা হয়।
ভোক্তাদের সাথে প্রতারণা এবং জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলার অপরাধে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮' অনুযায়ী ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে রেস্তোরাঁটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।
অভিযান শেষে তিতাস মোড় এলাকার অন্যান্য হোটেল ও রেস্তোরাঁ মালিকদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের বিষয়ে কঠোরভাবে সতর্ক ও সচেতন করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিতকরণে পটুয়াখালী জেলা প্রশাসন সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন জনস্বার্থমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।