‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীতে উদযাপিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। আজ ০৫ আগস্ট ২০২৬ (বুধবার) দিনব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে জেলাজুড়ে নানা ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচি পালন করা হয়।
দিনের শুরুতে সকাল ৯:০০ ঘটিকায় শহরের ঝাউতলায় অবস্থিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী এবং জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
পর্যায়ক্রমে পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পরিষদ শিশু পার্কে নবনির্মিত 'জুলাই গ্যালারি'র আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিদর্শন করা হয়। গ্যালারিতে প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত আলোকচিত্রসমূহ ঘুরে দেখেন অতিথিরা।
পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত বীর ‘জুলাই যোদ্ধাদের’ আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, বীরত্বপূর্ণ আত্মত্যাগ ও গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।