বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ জন যুগ্ম সচিবকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী ‘জনস্বার্থে’ তাঁদের এই অবসরে পাঠানো হয়। এই তালিকায় রয়েছেন পটুয়াখালীর সাবেক জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মতিউল ইসলাম চৌধুরী। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। মো. মতিউল ইসলাম চৌধুরী ২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় পটুয়াখালী জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যুগ্ম সচিব পদে রাখা হয়। চাকুরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী সরকার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। উল্লেখ্য, তিনি ২০১৮ সালের শেষভাগ থেকে শুরু করে ২০২১ সালের জানুয়ারি মাসের শুরু পর্যন্ত পটুয়াখালী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।