নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গাওপাড়া ও মাঝিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে গাওপাড়া ঢালান এলাকায় মহাসড়কে কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী হঠাৎ মিছিল করে দ্রুত এলাকা ত্যাগ করেন। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দুপুরের পর একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের বাড়িতে হামলা চালিয়ে ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়। পরে কাফুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন এবং যুবলীগের কর্মী ও ইটভাটার মালিক নাজমুল হোসেনের বাড়িতেও ভাঙচুর করা হয়। এ সময় বাড়ির পুরুষ সদস্যরা নিরাপত্তার জন্য সরে গেলেও নারী ও শিশুরা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন ছিল।
ভাঙচুরের শিকার এক ব্যক্তি, নাম প্রকাশ না করার শর্তে, দাবি করেন হামলাকারীরা স্থানীয় বিএনপির সমর্থক। তিনি বলেন, তাদের পরিবারের কেউ সকালের মিছিলে অংশ নেননি, তবুও তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে।
তবে কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ভাঙচুরের অভিযোগ পুরোপুরি অস্বীকার না করলেও বলেন, ক্ষয়ক্ষতি তেমন বড় নয়। তাঁর দাবি, সকালে ছাত্রলীগের মিছিলের পর বিকেলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও মিছিল করেন। সেই সময় কিছু ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটতে পারে।
এদিকে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, রাজশাহী থেকে আসা কয়েকজন যুবক সীমান্তবর্তী গাওপাড়া ঢালান এলাকায় ঝটিকা মিছিল করে দ্রুত চলে যায়। তিনি আরও বলেন, ভাঙচুরের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। তবে অন্য সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।