জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে এবার ১৬ জুলাই গোপালগঞ্জে যাচ্ছে না দলের কেন্দ্রীয় নেতৃত্ব। নিরাপত্তাজনিত বিবেচনায় ওই দিনের পদযাত্রা কর্মসূচি বাতিল করে স্থানীয় পর্যায়ে দোয়া, মোনাজাত ও সাংগঠনিক আলোচনা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৬ জুলাই থেকে শুরু হচ্ছে এনসিপির মাসব্যাপী ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’। শুরুতে প্রকাশিত কর্মসূচির তালিকায় ১৬ জুলাই গোপালগঞ্জে পদযাত্রার কথা থাকলেও, ঘোষণার কিছু সময় পরই সংশোধিত সূচি প্রকাশ করে সেই কর্মসূচি প্রত্যাহার করা হয়।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ব্যাখ্যা দেন। তিনি জানান, ১৬ জুলাই রংপুরে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। একই সঙ্গে গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংসতার অভিজ্ঞতাও এবারের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
গত বছরের ১৬ জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের সময় সাঁজোয়া যানে সেনাসদস্যদের টহল
সারজিস আলম বলেন, “গোপালগঞ্জে নিরাপত্তাসংক্রান্ত কিছু বিষয় রয়েছে। তাই সেখানে পদযাত্রার পরিবর্তে স্থানীয় নেতা-কর্মীরা শহীদদের স্মরণে দোয়া, মোনাজাত এবং সাংগঠনিক আলোচনা করবেন। এ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন না।”
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ১৪৪ ধারা জারি করা হয় এবং সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সহায়তায় এনসিপির শীর্ষ নেতাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
তবে গোপালগঞ্জ সফর পুরোপুরি বাতিল হয়নি বলে জানিয়েছে দলটি। এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী সেপ্টেম্বরে যেসব উপজেলা ও পৌরসভায় দলের প্রার্থী থাকবেন, সেখানে প্রচারণায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। সেই ধারাবাহিকতায় গোপালগঞ্জেও সফরের পরিকল্পনা রয়েছে।
দলের আরেক রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদও জানিয়েছেন, উপযুক্ত সময়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব গোপালগঞ্জ সফর করবে। তবে এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।