পটুয়াখালীতে বদলি হলেও পিছু ছাড়ছে না বিপদ । ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ সঙ্গী করে নিয়ে এসেছেন প্রকৌশলী জসিম উদ্দিন।
কুয়েত ফান্ড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত আরবান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্টে (UIIP) প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী (অ. দা.) প্রকৌশলী ও বর্তমান পটুয়াখালী পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিনের বিরুদ্ধে। দীর্ঘ ৮ বছরের বেশি সময় ধরে বেতাগী পৌরসভায় দায়িত্বে থাকা অবস্থায় বাস্তবায়িত ১৭টি প্যাকেজের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির এই বিষয়টি আমলে নিয়ে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতির প্রধান দিকসমূহের মধ্যে ও সরেজমিন চিত্র অনুযায়ী , ব্যাপক অনিয়ম ও ভূতুড়ে প্রকল্পের নামে বেতাগী পৌরসভার ১৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মধ্যে পার্ক ও খেলার মাঠ নির্মাণ, ময়লার বাস্কেট ও ভ্যান ক্রয়, শাকসবজি বাজার নির্মাণ এবং বিভিন্ন ওয়ার্ডের আরসিসি রোড ও ড্রেন নির্মাণকাজে এস্টিমেটের তুলনায় অর্ধেকেও কম কাজ করে সম্পূর্ণ বিল তোলার অভিযোগ রয়েছে।
নির্দিষ্ট কিছু অনিয়ম মধ্যে ৪৩৯টি ময়লার বাস্কেটের একটিও কেনা না হলেও এবং ২০টি ভ্যান নামমাত্র রেখে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটের কোনো অস্তিত্ব না থাকলেও পুরো বিল পরিশোধ করা হয়েছে। সোলার প্যানেল ও সড়ক বাতি স্থাপনে মাত্র ৩০ শতাংশ কাজ করিয়ে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে কমিশন নিয়ে ৪৫ লাখ টাকা বিল পরিশোধ করা হয়।
এর পূর্বে ও ২০১৪ সালের এডিবি ও বাংলাদেশ সরকারের ১৬ কোটি ৮২ লক্ষ টাকার কাজেও প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এই প্রকৌশলীর বিরুদ্ধে। এছাড়া বাসণ্ডা সরকারি প্রাইমারি স্কুল কাম সাইক্লোন সেন্টার নির্মাণেও ফ্লোর ফেটে যাওয়ার মতো তীব্র অনিয়মের প্রমাণ মিলেছে।
ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ ওঠার পর নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক পটুয়াখালী-বরগুনা জেলা সমন্বিত কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রকৌশলী জসিম উদ্দিন পটুয়াখালী পৌরসভায় বদলি হয়ে গেলেও তার বিরুদ্ধে আনীত অর্থ আত্মসাতের বিস্তারিত অভিযোগ ইতিমধ্যে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরই তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।