মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসনের তামান লিঙ্গিতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, একই বাসায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটেছে।
নেগ্রি সেম্বিলানের পুলিশপ্রধান ডিসিপি আলজাফনি আহমেদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে লিঙ্গিত এলাকার একটি বাড়িতে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। আহত আরও একজন বাংলাদেশিকে চিকিৎসার জন্য রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও সন্দেহভাজন সবাই একটি বাগানে কাজ করতেন এবং একই বাসায় থাকতেন। গ্রেপ্তার ব্যক্তিকে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদনের জন্য হাজির করা হবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজনের মরদেহ সুয়া মাঙ্গিস এস্টেট এলাকায় এবং অপরজনের মরদেহ তাঁদের বাসার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, তাই পুরো ঘটনার ধারাবাহিকতা খতিয়ে দেখা হচ্ছে।
ডিসিপি আলজাফনি আহমেদ সাধারণ মানুষকে গুজব বা যাচাই-বাছাইহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে আরও জানা গেছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না।