সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনা ও সর্বজনীন সম্প্রীতির বার্তা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস।
উৎসবের আমেজে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি তিনি সনাতন ধর্মাবলম্বীসহ উপস্থিত সকল দর্শনার্থীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন এবং কুশল বিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শনকালে দুদক কর্মকর্তা তাপস বিশ্বাস বলেন, "দুর্নীতি মুক্ত, সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে পূজা মণ্ডপ থেকে প্রেরণা নিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজে সত্য, ন্যায় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে।"
পরিদর্শনকালে মণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের ভক্ত ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজক ও স্থানীয়রা দুদকের এই কর্মকর্তার উপস্থিতি ও আন্তরিক শুভেচ্ছাকে উষ্ণ অভ্যর্থনা ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, এ বছর পটুয়াখালী জেলার মোট ১৯২টি মণ্ডপে শুভ দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২১ অক্টোবর পর্যন্ত। পটুয়াখালী সদর উপজেলায় ২৭টি, বাউফলে ৬৮টি, গলাচিপায় ২৯টি, মির্জাগঞ্জ ও দশমিনায় ১৮টি করে, কলাপাড়ায় ১৫টি, দুমকিতে ১১টি এবং রাঙ্গাবালী উপজেলায় ৬টি মণ্ডপে একযোগে এ পূজা উদযাপিত হচ্ছে।