নেত্রকোনায় একই ব্যক্তির ছবি ব্যবহার করে ভিন্ন নাম, ঠিকানা, জন্মতারিখ ও পরিচয় নম্বরের ৯৩টি জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে ২১ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার তরুণের নাম রবিউল ইসলাম ওরফে রনি। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাংগাইর গ্রামের বাসিন্দা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।
পুলিশ জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকার দত্ত মার্কেটের সিদ্দিক কর্নার ভ্যারাইটিজ স্টোরে অভিযান চালানো হয়। সেখানে জাল এনআইডি প্রিন্ট করতে যাওয়ার সময় রবিউলকে আটক করা হয়।
অভিযানে তাঁর কাছ থেকে সাতটি প্রিন্ট করা জাল এনআইডি এবং ছয়টি এনআইডির পেছনের অংশ উদ্ধার করা হয়। পরে তাঁর মুঠোফোন পরীক্ষা করে আরও ৮০টি জাল এনআইডির সফট কপি পাওয়া যায়। সব মিলিয়ে ৯৩টি জাল এনআইডির সন্ধান পাওয়া গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক দেবাংশু কুমার দেব জানান, উদ্ধার করা এনআইডিগুলোতে ভিন্ন ভিন্ন নাম, বাবার নাম, জন্মতারিখ, পরিচয় নম্বর ও ঠিকানা ব্যবহার করা হয়েছে। তবে সব কটি এনআইডিতে একই ব্যক্তির ছবি রয়েছে। ছবিগুলোতে শুধু শার্টের রং পরিবর্তন করা হয়েছে।
এ ঘটনায় জাতীয় পরিচয় নিবন্ধন আইনে মামলা করা হয়েছে। বুধবার বিকেলে রবিউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, একজন ব্যক্তির একাধিক এনআইডি করার সুযোগ নেই। ডাবল এনআইডি তৈরি হলে নির্বাচন কমিশনের সার্ভারে তা শনাক্ত হয়। এ ধরনের ঘটনায় জালিয়াতির মামলা করা হয়।
তিনি আরও বলেন, অন্যের তথ্য বা ছবি বিকৃত করে ব্যবহার করা গুরুতর অপরাধ। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৪০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।