মাদারীপুরে কালকিনিতে অবৈধভাবে উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার(১২ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন বালু উত্তোলনকারী পালিয়ে গেলেও অভিযানে ২ হাজার ৫ শ ফুট পাইপ নষ্ট এবং ড্রেজার মেশিন অকেজো করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এ্যান্ড কলেজের পাশে এবং মধ্যলক্ষিপুর মালেক হাওলাদার এর বাড়ির পাশে দীর্ঘদিন যাবত নদ থেকে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলন করে আসছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এ খবর পেয়ে ওই এলাকায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালান কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শামীম নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস জানান, "ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।পাশাপাশি দুটি স্থানে আনুমানিক আড়াই হাজার ফুট পাইপ নষ্ট করা হয় এবং ড্রেজার মেশিন অকেজো করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।"