৩ সেপ্টেম্বর, ২০২৬

ভয়াবহ অগ্নিকান্ডে কলমাকান্দায় ৬ দোকান পুড়ে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ভয়াবহ অগ্নিকান্ডে কলমাকান্দায় ৬ দোকান পুড়ে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি


নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ভয়াবহ আগুনে ছয়টি দোকান ভস্মীভূত হয়ে মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে।  এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। 

ভোর ৪টা ৫৫ মিনিটে কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফুল আলমের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে কামাল হোসেন, শরিফ, ফিরোজ, আব্দুস সাত্তার ও ফারুকের দোকান রয়েছে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফুল আলম বলেন, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

তিনি বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।