১ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির গৌরব,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে নানা আয়োজন

বিএনপির গৌরব,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে নানা আয়োজন

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর উদযাপন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দোয়া মাহফিল, বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর)  দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং  সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এই আয়োজন করে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এই দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এসময় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী  তারেক রহমান, দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করা হয়। 

পরে বিএনপির শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  র‍্যালি শেষে দুর্গাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের চারপাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ। 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে  উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি সহ উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।