সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গার দুজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন প্রবাসী রয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছেন। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করতে জটিলতা দেখা দিয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, স্থানীয় ফায়ার সার্ভিস এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছেন।
নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় কারখানার কর্মীরা ঘুমিয়ে ছিলেন। তাদের একজন চুল কাটাতে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে কারখানায় আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার করে স্থানীয়দের জানান। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভেতর থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করে।
আত্রাই উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রথমে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়। উপজেলার বিভিন্ন গ্রামে এখনও খোঁজখবর নেওয়া হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন জানান, ওই কারখানার অগ্নিকাণ্ডে এলাকার দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তারা হলেন সাব্বির হোসেন সোহাগ ও শামীম হোসেন।
এ ঘটনায় আত্রাইসহ নিহতদের নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দুর্ঘটনাস্থল ও স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারকে সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।