২৭ জুলাই, ২০২৬

গাজীপুরের ফুলবাড়িয়ায় অনুমতিহীন ড্রোন ওড়ানোর অভিযোগে আতঙ্ক, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি

গাজীপুরের ফুলবাড়িয়ায় অনুমতিহীন ড্রোন ওড়ানোর অভিযোগে আতঙ্ক, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে সরকারি বা প্রশাসনিক অনুমতি ছাড়া ড্রোন উড়িয়ে ভিডিও ধারণের অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মমিন নামে এক যুবক নিয়মিত ড্রোন উড়িয়ে বসতবাড়ি, আঙিনা এবং ব্যক্তিগত পরিসরের ভিডিও ধারণ করছেন, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের শঙ্কা সৃষ্টি করেছে।

এলাকাবাসীর দাবি, ড্রোনের কারণে বিশেষ করে নারী, শিশু ও সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে কয়েকজনকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “হঠাৎ বাড়ির ওপর দিয়ে ড্রোন উড়ে যায়। এতে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।”

স্থানীয় সচেতন মহলের মতে, ড্রোন ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন ও সরকারি বিধিমালা মেনে চলা এবং প্রয়োজনীয় অনুমতি নেওয়া জরুরি। এসব নিয়ম লঙ্ঘন করে কারও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হলে তা তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে কালিয়াকৈর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা ও কোনো আইন লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে তিনি জানান।