২৭ জুলাই, ২০২৬

পটুয়াখালী সরকারি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালী সরকারি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে এক গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুলাই (রবিবার) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর যৌথ উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

​পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

​আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে প্রথমত মাদকদ্রব্যের সহজলভ্যতা নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকের বিরুদ্ধে এক শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তাঁরা।

​আলোচনা সভা শেষে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী পরিবেশবান্ধব, টেকসই ও সচেতন জীবনযাপনের বিশেষ উদ্ভাবনী উদ্যোগ ‘Green Thyself’ ধারণার মূল দর্শন শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ‘Green Thyself’-এর ব্যাজ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।