২৪ জুলাই, ২০২৬

বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা!! ইকনের সংগ্রামে মানবতার হাত বাড়াল কৃষি ব্যাংক

বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা!! ইকনের সংগ্রামে মানবতার হাত বাড়াল কৃষি ব্যাংক

বাবার মৃত্যুর শোকের মধ্যেও দায়িত্ব ও শিক্ষার প্রতি অটল থেকে সবার হৃদয় ছুঁয়েছেন এইচএসসি পরীক্ষার্থী ইসমাইল ইকন। বাবার দাফন সম্পন্ন করার পর সেদিন রাতেই তিনি কৃষি ব্যাংকের এটিএম বুথে নিজের দায়িত্ব পালন করেন। পরদিন সকালে অংশ নেন এইচএসসি পরীক্ষায়।

ইকনের এই সংগ্রামী গল্প সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি বাংলাদেশ কৃষি ব্যাংকের নজরে আসে। তার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে তাকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও, ইকন যাতে নির্বিঘ্নে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ও পড়াশোনা চালিয়ে যেতে পারেন, সে জন্য তাকে বেতনসহ এক মাসের ছুটি দিয়েছে কৃষি ব্যাংক। গত ২৩ জুলাই খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া আনুষ্ঠানিকভাবে তার হাতে সহায়তার অর্থ তুলে দেন।

বাগেরহাটের বাসিন্দা ইসমাইল ইকন বর্তমানে বাবা হারানোর শোকের পাশাপাশি মা ও মানসিক ভারসাম্যহীন ভাইয়ের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন। চলতি বছরের মে মাস থেকে তিনি কৃষি ব্যাংকের এটিএম বুথে কর্মরত। এর আগে নিজের পড়াশোনার খরচ চালাতে টিউশনি করতেন।

কৃষি ব্যাংকের এই মানবিক উদ্যোগে ইকন ও তার পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে এই সহানুভূতিশীল পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন দেশের নানা শ্রেণি-পেশার মানুষ।