মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ক্ষুদ্র সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এম নাসের রহমান। এ সময় উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সুধীজন এবং উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়তার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম জমশেদ আহমদ সাহেবের ভাই জনাব আতাউর রহমান সাহেব।
বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ক্ষুদ্র সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের শিক্ষা সহায়তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নিতে সহায়ক হবে।
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নিবন্ধিত বেসরকারি এতিমখানা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সময়ে শিক্ষা সহায়তা এবং সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়ে থাকে।