১৯ জুলাই, ২০২৬

মাদারীপুরের কালকিনিতে গলা কেটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার

মাদারীপুরের কালকিনিতে গলা কেটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় জোবেদা বেগম (৬০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে তাঁর স্বামী সুলতান সরদারকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১:৩০ মিনিটের দিকে আউলিয়ারচর ৭ নম্বর ওয়ার্ডে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর পারিবারিক কলহের জেরে ঘরে থাকা একটি ধারালো দা দিয়ে জোবেদা বেগমের গলা কেটে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) রিপন আলী খান ও কালকিনি থানার এসআই (নিঃ) বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত স্বামী সুলতান সরদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, নিহত জোবেদা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।