১৭ জুলাই, ২০২৬

মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ গ্রেপ্তার

মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসা কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মর্জিনা আক্তার ওরফে গেন্দিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ১৭ জুলাই (শুক্রবার) দুপুরে স্থানীয় সচেতন জনগণের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬,২৯০ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া মর্জিনা আক্তার গেন্দি সোনাহাট স্থলবন্দর সংলগ্ন বানুরকুঠি এলাকার আতোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গেন্দি দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পণ্যবাহী ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের টার্গেট করে ইয়াবা ও গাঁজার একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে স্থলবন্দর এলাকায় একটি পোল্ট্রি মুরগির দোকান খুলে, যার আড়ালে মূলত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদক ও নগদ টাকাসহ জব্দকৃত আলামতের সর্বমোট আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৬,২৯০ টাকা।

ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আইনানুযায়ী মর্জিনা আক্তার গেন্দির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।