‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। ১৫ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে এই মেলা। জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালীর যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) সকালে মেলা উপলক্ষ্যে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারস্থ মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরবর্তীতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক, পটুয়াখালীর পুলিশ সুপারসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীগণ।
মেলা উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সবশেষে পরিবেশগত সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে শহরের ঝাউতলা সংলগ্ন পুকুরপাড়ে একটি পলাশ গাছের চারা রোপণ করার মধ্য দিয়ে উদ্বোধনী দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।
সপ্তাহব্যাপী এই মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ওষধি এবং শোভাবর্ধনকারী চারা সুলভ মূল্যে সাধারণ মানুষের জন্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে।