নিহত আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. নিজাম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উত্তরা ব্যাংকের গোপীনাথপুর ইউনিয়ন শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) রাতে কসবা উপজেলার গোপীনাথপুর বাজার এলাকায় তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। নিবিড় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের মো. আলী হোসেন (৪৮)-এর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত ব্যাংক কর্মকর্তা ও অভিযুক্ত একই বাড়িতে বসবাস করতেন। এছাড়া অভিযুক্ত আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তবে হামলার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পূর্ব বিরোধ, ব্যক্তিগত দ্বন্দ্ব কিংবা ঋণ-সংক্রান্ত কোনো বিষয় এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। পলাতক অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট সব তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।