৬ জুলাই, ২০২৬

মৌলভীবাজারে বসতবাড়িতে হামলা, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় লিখিত আবেদন

মৌলভীবাজারে বসতবাড়িতে হামলা, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় লিখিত আবেদন

মৌলভীবাজার সদর উপজেলার চিকারাইল এলাকায় বসতবাড়িতে হামলা, মারধর, শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একই এলাকার বাসিন্দা মিন্টু মিয়া।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৩ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং বাধা দিতে গেলে তার ছেলে ও স্ত্রীও আহত হন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, হামলার সময় তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়া তার পকেট থেকে ৫০ হাজার টাকা এবং তার ছেলের পকেট থেকে ৬ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। ঘটনায় আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ অভিযোগটি গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে বলে জানা গেছে।
প্রতিবেদন: সাংবাদিক শেখ আব্দুল হামিদ