কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে সরকার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই অর্থ সহায়তা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ৬৯ জন ব্যবসায়ীর হাতে নগদ অর্থ তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এবং সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ।
বক্তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এই বিপদে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বাজার ব্যবসায়ীদের নিরাপত্তা ও পুনর্বাসনে আরও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৫ জুন ভূরুঙ্গামারী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে মুহূর্তের মধ্যেই শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির মুখে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। সরকারের এই জরুরি আর্থিক সহায়তা তাদের প্রাথমিক ক্ষতি কাটিয়ে উঠতে এবং ব্যবসা নতুন করে শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।