২৮ জুন, ২০২৬

সিরাজগঞ্জে গভীর রাতে নারীর ঘরে আটক ইমাম, সমঝোতার পর ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

সিরাজগঞ্জে গভীর রাতে নারীর ঘরে আটক ইমাম, সমঝোতার পর ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক নারীর ঘরে গভীর রাতে স্থানীয় একটি মসজিদের ইমামকে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা-সমঝোতার পর ১০ লাখ টাকা কাবিনে ওই নারীকে বিয়ে করেন অভিযুক্ত ইমাম।

শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদ (টাঙ্গাইলপাড়া)-এর ইমাম মো. সেলিম রাতে মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের বাড়িতে গেলে বিষয়টি টের পান স্থানীয়রা। পরে তারা গিয়ে ইমামকে আটক করেন। অভিযুক্ত ইমাম উপজেলার নলছিয়া এলাকার বাসিন্দা এবং প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন।

                         

                                                                              অভিযুক্ত ইমাম মো. সেলিম বলেন

মসজিদের কয়েকজন মুসল্লি জানান, একজন ধর্মীয় নেতার এমন ঘটনায় তারা বিব্রত ও হতাশ। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই ইমাম সেলিমের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই নানা আলোচনা চলছিল।

অভিযোগের বিষয়ে মো. সেলিম বলেন, গত প্রায় দেড় মাস ধরে আমাদের মধ্যে মুঠোফোনে যোগাযোগ ছিল। সেই সূত্রেই আমি তার বাড়িতে যাই। পরে স্থানীয় লোকজন এসে আমাকে আটক করে।

অন্যদিকে শানু বেগম বলেন, আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত ছিল। তবে কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উভয় পক্ষের স্বজনদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা-সমঝোতার মাধ্যমে ১০ লাখ টাকা কাবিনে ইমাম মো. সেলিম ও শানু বেগমের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিজ বাড়িতে নিয়ে যান বর।

ঘটনাটি নিয়ে পুরো এলাকায় এখনও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।