মাদারীপুরের কালকিনি উপজেলায় খাল খনন-পরবর্তী সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে খালের দুই পাড়ের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের শিকদারকান্দি পরিপত্তর খালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খালের দুই পাড়ে এ সবুজায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন তালুকদার বলেন, “পানির পাশাপাশি গাছও আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। খাল খনন কর্মসূচির আওতায় খালের দুই পাড়ের রাস্তার পাশে বৃক্ষরোপণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচির উদ্বোধন করা হলো।”
তিনি বলেন, “সবুজায়ন, অক্সিজেনের ভারসাম্য এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যতের পরিবেশগত বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।