২০ জুন, ২০২৬

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দুর্গাপুর থানার খন্দকার শাকের আহমেদ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দুর্গাপুর থানার খন্দকার শাকের আহমেদ

মাদকবিরোধী অভিযান পরিচালনা, চোরাচালান প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং এজাহারভুক্ত আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নেত্রকোণার দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন ৩৬টি থানার মধ্যে মে মাসের সার্বিক কর্মমূল্যায়নে তিনি এ সম্মাননায় ভূষিত হন।

গত মঙ্গলবার ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়ার হাত থেকে তিনি শ্রেষ্ঠত্বের পুরস্কার ও প্রত্যয়নপত্র গ্রহণ করেন। এসময় নেত্রকোনার পুলিশ সুপারসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গাপুরে  মাদকবিরোধী অভিযান পরিচালনা, চোরাচালান প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং এজাহারভুক্ত আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সহ তার নেতৃত্বে দুর্গাপুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ফলে তিনি শ্রেষ্ঠ ওসির মর্যাদায় ভূষিত হলেন। 

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় দুর্গাপুর উপজেলার রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট  ভূমিকা রাখবেন। তার এই সাফল্য ও কর্মদক্ষতা সহকর্মীদের মধ্যেও প্রশংসিত হয়েছে।

খন্দকার শাকের আহমেদ এর আগে  জামালপুর ও ময়মনসিংহ জেলায় দায়িত্ব পালনকালে একাধিকবার রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।