৪ জুন, ২০২৬

কালকিনিতে জুরগাঁও খৈলসা ডুবি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে যুবদল নেতা সিকদার মামুনের মতবিনিময় সভা

কালকিনিতে জুরগাঁও খৈলসা ডুবি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে যুবদল নেতা সিকদার মামুনের মতবিনিময় সভা

ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি পৌরসভার জুরগাঁও খৈলসা ডুবি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

কালকিনি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ গাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালকিনি পৌরসভার মেয়র পদপ্রত্যাশী ও উপজেলা যুবদলের জনপ্রিয় নেতা সিকদার মোঃ মামুন।

বক্তব্যে তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আমি কালকিনির সকল ধর্ম-বর্ণের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সিকদার মামুন মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সবার সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মন্দির কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন সিকদার মোঃ মামুন। এ সময় সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।