৩ জুন, ২০২৬

কারাবন্দী ও অসহায়দের মুখে হাসি ফোটাতে পটুয়াখালী জেলা প্রশাসনের ঈদ উপহার

কারাবন্দী ও অসহায়দের মুখে হাসি ফোটাতে পটুয়াখালী জেলা প্রশাসনের ঈদ উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালীতে কারাবন্দী এবং স্থানীয় নিম্ন আয়ের ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

আজ (বুধবার) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা প্রবেশন কার্যালয় এবং জেলা কারাগারের যৌথ আয়োজনে জেলা কারাগারে অবস্থানরত অসচ্ছল কারাবন্দীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। অপরাধ সংশোধন ও পুনর্বাসন সমিতি, পটুয়াখালীর অর্থায়নে কারাগারের মোট ১০০ জন পুরুষ বন্দীকে মানসম্মত 'আমানত শাহ লুঙ্গি' এবং ২৫ জন নারী বন্দীর প্রত্যেককে উন্নত মানের শাড়ি প্রদান করা হয়।

"ঈদের আনন্দ যেন কারাগারের অন্ধপ্রকোষ্ঠেও ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই অসচ্ছল বন্দীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এটি তাদের মাঝে ইতিবাচক মানসিকতা তৈরিতে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

এদিকে একই দিনে দুপুর ১২টায় পটুয়াখালী ক্লাবে জেলা প্রশাসনের আয়োজনে ও ব্যবস্থাপনায় শহরের নিম্ন আয়ের ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী (রান্নার উপকরণ) বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন 'পটুয়াখালী ইয়ুথ ফোরাম'-এর সার্বিক সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঈদুল আজহার আনন্দ সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেই জেলা প্রশাসনের এই বিশেষ উদ্যোগ।

উপহার বিতরণকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা কারাগারের কর্মকর্তা, অপরাধ সংশোধন ও পুনর্বাসন সমিতির প্রতিনিধি এবং পটুয়াখালী ইয়ুথ ফোরামের সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

ঈদের আগে এমন উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী সাধারণ মানুষ ও কারাবন্দীদের স্বজনরা।