আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সরকারি-বেসরকারি অফিস এবং অধিকাংশ হোটেল-রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ হতে শুরু করেছে। এতে শহরের পথকুকুরগুলোর স্বাভাবিক খাদ্যসংস্থানে তীব্র বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। খাদ্য সংকটের কারণে ক্ষুধার্ত প্রাণীগুলো যেন জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটায় কিংবা পথচারীদের জন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না করে, তা বিবেচনায় নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। প্রাণিকল্যাণ ও জননিরাপত্তা রক্ষায় শহরের পথকুকুরদের জন্য নিয়মিত খাবার সরবরাহ কার্যক্রম শুরু করেছে তারা।
আজ ২৬ মে (২০২৬) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই খাদ্য সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো , ঝাউতলা, হাউজিং এলাকা, হেতালিয়া বাঁধঘাট, চৌরাস্তা, মেডিকেল মোড়, পৌরসভা সংলগ্ন এলাকা, ২নং বাঁধঘাট জনসাধারণের চলাচল ও নিরাপত্তার কথা মাথায় রেখে, মানুষের ভিড় থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে পথকুকুরগুলোকে খাবার দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাণিকল্যাণ ও জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে পবিত্র ঈদুল আযহার সম্পূর্ণ ছুটিকালীন সময়ে জেলা প্রশাসনের এই মানবিক খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের এমন দূরদর্শী ও প্রাণিবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা। তাদের মতে, ঈদের ছুটিতে যখন শহরের হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকে, তখন এই অবলা প্রাণীগুলো চরম খাদ্য সংকটে পড়ে। এই উদ্যোগ একদিকে যেমন প্রাণীদের ক্ষুধা মেটাবে, অন্যদিকে ক্ষুধার্ত কুকুরের কারণে পথচারীদের দুর্ঘটনার ঝুঁকিও কমিয়ে আনবে।