৩ জুন, ২০২৬

পটুয়াখালী পৌরসভার কুঁড়ির খালে পরিচ্ছন্নতা অভিযান এলাকাবাসীর কৃতজ্ঞতা

পটুয়াখালী পৌরসভার কুঁড়ির খালে পরিচ্ছন্নতা অভিযান এলাকাবাসীর কৃতজ্ঞতা

সপ্তাহের প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পটুয়াখালী পৌরসভার স্বাধীনতা সড়কের ঐতিহ্যবাহী 'কুঁড়ির খালে' এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

পটুয়াখালী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ জুয়েল রানা-এর নির্দেশনায় আজ সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রম চলে। অভিযানে পৌরসভার দায়িত্বরত কর্মকর্তা ও  পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।

দীর্ঘদিন ধরে স্থানীয় ভূমিদস্যুদের দখল এবং ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া এই খালটি পরিষ্কার করায় স্বস্তি ফিরেছে স্থানীয় জনজীবনে। পশ্চিম টাউন কালিকাপুর এলাকাবাসী এই উদ্যোগের জন্য পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং পৌর প্রশাসক মোঃ জুয়েল রানা-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তাদের মতে "দীর্ঘদিন ধরে খালের বর্জ্যের দুর্গন্ধে এই রাস্তা দিয়ে হাঁটা যেত না। মশার উপদ্রবে দিনের বেলাতেও ঘরে থাকা দায় ছিল। এই অভিযানের ফলে এলাকাটি এখন বসবাসের উপযোগী হয়েছে।"

তবে স্থানীয়রা জানান, খালের পরিধি বড় হওয়ায় মাত্র ১৫ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়ে  স্বল্প পরিসরের এই অভিযানে সমস্ত আবর্জনা পুরোপুরি দূর করা সম্ভব হয়নি। তাই দ্রুততম সময়ে আরও বেশি জনবল নিয়ে পুনরায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং জনস্বার্থে খালটি খননের জন্য জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী  ও পৌর প্রশাসকের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন তারা।

এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান মানবিক জেলা প্রশাসক ও পৌর প্রশাসক তাদের বসবাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিতে এবং স্থানীয় কৃষকদের জীবিকা নির্বাহের সুবিধার্থে অচিরেই খালটি পুনঃখননের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।