মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এনে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে প্রধানমন্ত্রী কাজ করছেন, যাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।”
শুক্রবার (১৫ মে) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রাণ। তাকে নিয়ে বিরোধীরা অহেতুক সমালোচনা করে বিতর্কিত করার চেষ্টা করছে। তারেক রহমানকে বিতর্কিত করার অর্থ বাংলাদেশকে বিতর্কিত করা। যারা এমন অপচেষ্টা চালায়, তারা দেশের শত্রু।”
সিডি খান ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সফিকুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক এসএম মাহাবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বেপারীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।