৩ জুন, ২০২৬

অফিস শেষেও মানুষের পাশে পটুয়াখালীর ডিসি: ২৪ ঘন্টায় ঘর পেলেন ৩ অসহায় নারী

অফিস শেষেও মানুষের পাশে পটুয়াখালীর ডিসি: ২৪ ঘন্টায় ঘর পেলেন ৩ অসহায় নারী

অফিস সময় শেষ হয়েছে কিছুক্ষণ আগে। দিনের কাজ গুছিয়ে যখন  ফিরছিলেন, তখনই নজরে এলো তিন নারী অপেক্ষার প্রহর গুনছেন। প্রটোকলের তোয়াক্কা না করে তিনজনকে কাছে ডাকলেন। শুনলেন অভাবের করুণ আর্তনাদ। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সেই কান্নার আর্তনাদ গত রূপ নিয়েছিলো হাসিতে।

ঘটনাটি পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের। গত বুধবার (১৩ মে) সন্ধ্যা ৫:৪০ মিনিটে বাড়ি ফেরার পথে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী দেখতে পান—মাটিভাঙ্গা গ্রামের রানী বালা, ইটবাড়িয়ার আলেয়া বেগম এবং শারিকখালীর বিথী আক্তার অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছেন। তাৎক্ষণিকভাবে তাদের কাছে ডেকে নেন তিনি।

তিনজনই বিধবা এবং চরম আর্থিক সংকটে দিনাতিপাত করছেন। মাথা গোঁজার ঠাঁই টুকুও জরাজীর্ণ। তারা একটি নিরাপদ আশ্রয়ের জন্য ঢেউটিন ও নগদ অর্থের আকুতি জানান।  তিনি সাথে সাথেই জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে দ্রুত যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জেলা প্রশাসকের সেই নির্দেশের পর মাত্র একদিনের ব্যবধানে গতকাল  (১৪ মে) ওই তিন পরিবারকে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

অফিস সময়ের বাইরেও জেলা প্রশাসকের এমন মানবিক ও ত্বরিত পদক্ষেপ পটুয়াখালী জুড়ে  ব্যাপক প্রশংসিত হচ্ছে । সাধারণ মানুষের আস্থার ঠিকানায় পরিণত  হয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন।