অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজারের পর এবার প্রকাশ পেল ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মুক্তি পাওয়া পুরো গানটির দৃশ্যধারণ করা হয়েছে কারাগারের ভেতরে। গান প্রকাশের ক্যাপশনে নির্মাতারা লিখেছেন, ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালোবাসার গল্পেরা…।’
‘পিরিতি’ গানটিতে বিধ্বস্ত এক শাকিব খানকে দেখা গেছে জেলের ভেতরে। তবে কী কারণে তাঁর কারাবাস, সে রহস্য এখনো উন্মোচন করা হয়নি। গানটির আবহ, দৃশ্যায়ন ও শাকিবের ভিন্নধর্মী উপস্থিতি ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
গানটি লিখেছেন হাসান রোবায়েত। সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায়ও দেখা গেছে পান্থ কানাইকে।
‘রকস্টার’ সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে। এ ছবিতে তিনি কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নন। চরিত্রের প্রয়োজনে নিজের লুক ও শারীরিক গঠনে বড় পরিবর্তন এনেছেন এই অভিনেতা। গত ৫ মে প্রকাশিত সিনেমার প্রথম টিজারে তাঁর নতুন রূপ দর্শক-ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়। দেশ-বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে টিজারটি ট্রেন্ডিংয়েও উঠে আসে।
সিনেমাটির বেশির ভাগ গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। এছাড়া গান লিখেছেন রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।
অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া।
আজমান রুশোর গল্পে নির্মিত ‘রকস্টার’-এ একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন ও বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্মাতা আজমান রুশো জানান, সংগীতের সঙ্গে নিজের সম্পৃক্ততা ও বাস্তব জীবনের বিভিন্ন রকস্টারের অভিজ্ঞতা থেকেই গল্পটির অনুপ্রেরণা এসেছে।
সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার Chorki। আর অফিশিয়াল মিউজিক পার্টনার হিসেবে রয়েছে SVF Alpha-i Entertainment Limited। ‘রকস্টার’-এর সব গান প্রকাশ করা হবে এসভিএফ মিউজিক, চরকি ও বিলিং মিউজিকের অফিসিয়াল চ্যানেলে।