৮ মে, ২০২৬

শেরপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে গণসংবর্ধনা

শেরপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে গণসংবর্ধনা

শেরপুরে দলীয় নেতা-কর্মীদের আন্তরিক ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শেরপুর-জামালপুর সেতু এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

ডা. প্রিয়াঙ্কার আগমনকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও ফুল নিয়ে নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হন। পরে নবনির্বাচিত এ সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। নেতা-কর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “দলীয় নেতা-কর্মীদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। শেরপুরের জনগণের উন্নয়ন ও এলাকার অগ্রগতির জন্য আমি সবসময় কাজ করে যাব।”

তিনি আরও বলেন, দলকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। দলীয় বিদ্রোহী প্রার্থী থাকায় তিনি সে নির্বাচনে পরাজিত হন। পরবর্তীতে গত ২০ এপ্রিল শেরপুর জেলার জন্য জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পান তিনি। ওইদিন ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ গত ৩ মে রাতে জাতীয় সংসদ ভবনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। একই অনুষ্ঠানে নবনির্বাচিত আরও ৪৯ জন সংরক্ষিত নারী আসনের এমপিকেও শপথ বাক্য পাঠ করানো হয়।