৭ মে, ২০২৬

মাদারীপুরের  কালকিনিতে হত্যা-ধর্ষণসহ ১৭ টি মামলার আসামী গ্রেফতার

মাদারীপুরের  কালকিনিতে হত্যা-ধর্ষণসহ ১৭ টি মামলার আসামী গ্রেফতার

মাদারীপুরের কালকিনিতে হত্যা-ধর্ষণসহ ১৭ টি মামলার আসামী ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ । হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় তার নামে মোট ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বুধবার ঢাকার কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, “ফয়সাল তালুকদার বিভিন্ন সময় গা-ঢাকা দিয়ে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিল। তবে আমরা তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছিলাম এবং শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয়েছি।”

ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার করে হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে সাম্প্রতিক সময়ে কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গেছে।

এদিকে সন্ত্রাসী ফয়সাল তালুকদারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।