কয়েক দিন আগে অ্যানিমেশন টিজার প্রকাশের সময়ই জানানো হয়েছিল, খুব শিগগির আসছে অফিশিয়াল টিজার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ সন্ধ্যা ৭টার দিকে শাকিব খান ও Chorki–এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘রকস্টার’–এর টিজার। ১ মিনিট ২০ সেকেন্ডের এই ঝলকে উঠে এসেছে এক সংগীতশিল্পীর উত্থান ও পতনের গল্প।
আগের পোস্টার প্রকাশের সময় থেকেই শাকিবের লুক নিয়ে আলোচনা শুরু হয়েছিল। টিজারে সেই লুক আরও স্পষ্ট। গত কয়েক বছরে ‘তুফান’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’–এর মতো ছবিতে নিজেকে ভেঙে নতুনভাবে হাজির হয়েছেন তিনি। তবে এবার একেবারেই ভিন্ন—অ্যাকশন হিরো বা গ্যাংস্টারের ছক ছেড়ে তিনি হাজির হয়েছেন একজন রকস্টার হিসেবে।
টিজার দেখেই বোঝা যায়, চরিত্রের প্রয়োজনে নিজের শারীরিক গঠনেও পরিবর্তন এনেছেন শাকিব। ওজন কমানো থেকে শুরু করে চুলের স্টাইল—সবকিছুতেই রয়েছে বৈচিত্র্য। একাধিক লুকে তাকে দেখা গেছে টিজারে। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় অ্যানিমেশন টিজারের সেই গান—‘আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও এই নীল আকাশে...’।
ছবিতে শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা, যদিও টিজারে তাদের দেখা যায়নি। তবে সংক্ষিপ্ত উপস্থিতিতে নজর কাড়েন তারিক আনাম খান।
আজমান রুশো পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে পবিত্র ঈদুল আজহা–তে। ছবির সব গান লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেই কণ্ঠও দেবেন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। সান মোশন পিকচার প্রযোজিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি, আর সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
টিজারের শেষেই জানানো হয়েছে এটি কেবল শুরু, সামনে আসছে আরও একটি টিজার।