পূর্ব লন্ডনের উদীয়মান ক্রিকেট দল রমফোর্ড রাইডার্স তাদের ২০২৬ মৌসুমের নতুন জার্সি উন্মোচন করেছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় Tower Hamlets-এর হার্কনেস হাউসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জার্সিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহকারী কোষাধ্যক্ষ এবং রমফোর্ড রাইডার্সের পরিচালক মোঃ এখলাছুর রহমান পাক্কু। এতে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, স্পন্সর প্রতিনিধি এবং ক্রীড়ামোদীরা অংশগ্রহণ করেন।
নতুন জার্সিটি হলুদ ও কালো রঙের সমন্বয়ে তৈরি। এতে প্রধান স্পন্সর হিসেবে লাক্স ফার্নিশিং এবং সহযোগী স্পন্সর হিসেবে সিনেমা এডিটস, কুয়াব, ওয়ান সাহাদাহ, রাহুল ইবি আনপ্লাগেড স্টোরি ও ডান্টন গ্রিল এন্ড স্পাইস-এর লোগো স্থান পেয়েছে। অনুষ্ঠানে দলের ব্যানারের সামনে খেলোয়াড় ও অতিথিরা ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকেসি.লন্ডনের সিইও ও ভিক্টোরিয়া পার্ক T20 ব্লাস্টের সিইও শহিদুল আলম রতন, Tower Hamlets-এর সাবেক স্পিকার আহবাব হুসাইন এবং লাক্স ফার্নিশিং-এর স্বত্বাধিকারী এমরান রহমান।
দলের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কর্ণধার রেজুওয়ান হুসেন পাবেল এবং অধিনায়ক আমিনুল রহমান ইমন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিপি T20 ব্লাস্টের প্রেসিডেন্ট নাজমুল হোসাইন ও সেক্রেটারি আক্তার রহমান; লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক আকরামুল হুসেইন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান এবং নির্বাহী সদস্য সরুয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা পোস্টের সম্পাদক সালেহ আহমেদ, এটিএন বাংলা ইউকের প্রধান ভিডিও এডিটর আফজাল হোসেন, কিউ নিউজ-এর সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল কারিম মুজাহিদ, এরিয়াল আর্ক-এর কর্ণধার আবু ফয়সাল এবং ভিডিওগ্রাফার মুন্না আহমেদ ও শাহরিয়ার আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পরিচালক মোঃ এখলাছুর রহমান পাক্কু বলেন, “রমফোর্ড রাইডার্স শুধু একটি ক্রিকেট দল নয়, এটি কমিউনিটির তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নতুন জার্সি আমাদের ঐক্য, শৃঙ্খলা ও বিজয়ের প্রতীক।”
ক্লাবের কর্ণধার রাহুল ইব্রাহিম বলেন, “তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এবং তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে আমরা কাজ করছি। ‘ওয়ান শাহাদাহ ট্রাস্ট’-এর মাধ্যমে ২০ জন এতিম শিশুর শিক্ষা ও খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া খেলোয়াড়দের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে জরিমানার অর্থ এই ট্রাস্টে দান করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, রমফোর্ড রাইডার্স একটি অরাজনৈতিক ক্রীড়া সংগঠন, যা পূর্ব লন্ডনে গত বছর থেকে বিভিন্ন টুর্নামেন্টে সফলতার সাথে অংশগ্রহণ করে আসছে।
অনুষ্ঠানের শেষে প্রধান স্পন্সর লাক্স ফার্নিশিং-এর কর্ণধার এমরান রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।