১ জানুয়ারি, ১৯৭০

বরগুনায় ঘুষের ১ লাখ টাকাসহ পৌরসভার প্রকৌশলী আটক

বরগুনায় ঘুষের ১ লাখ টাকাসহ পৌরসভার প্রকৌশলী আটক

ঘুষের ১ লাখ টাকাসহ বরগুনা জেলাধীন আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পৌরসভার সামনের লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের কাছ থেকে তাঁকে আটক করা হয়। পরে দুপুরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।

আমতলী পৌরসভা সূত্রে জানা গেছে, ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে লেক সৌন্দর্যবর্ধন প্রকল্পে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২৪ সালের এপ্রিলে দরপত্রের মাধ্যমে কাজটি পায় ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে কাজটি হাতবদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা।

ঠিকাদার শেখ নোমান রেজার অভিযোগ, কাজ শুরুর পর থেকেই প্রকৌশলী রুবেল খান মোটা অঙ্কের ঘুষ দাবি করে আসছিলেন। ঘুষ না দেওয়ায় তাঁকে নানাভাবে হয়রানি ও কাজে বাধা দেওয়া হচ্ছিল। এ ঘটনায় গত ১৯ নভেম্বর দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে সোমবার বেলা ১১টার দিকে আমতলী পৌরসভার সামনে অভিযান চালানো হয় এবং ঘুষের ১ লাখ টাকাসহ রুবেল খানকে আটক করা হয়।

তাপস বিশ্বাস জানান, ঘুষের টাকাসহ হাতেনাতে আটকের পর তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলার প্রস্তুতি চলছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক প্রকৌশলীকে থানায় সোপর্দ করার পর হেফাজতে রাখা হয়েছে।