পটুয়াখালী সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন প্রকল্পগুলোতে ব্যাপক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। দাপ্তরিক নথিপত্র অনুযায়ী, সরকারি ক্রয় বিধিমালা লঙ্ঘন করে এবং নির্দিষ্ট ক্রয় সীমার অতিরিক্ত আরএফকিউ (RFQ) পদ্ধতির অপব্যবহার করে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া হয়েছে। কোথাও নামমাত্র কাজ, আবার কোথাও কোনো কাজ না করেই পুরো বিল তুলে নেওয়ার প্রমাণ মিলেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হিসাব বিবরণী অনুযায়ী, মোট ৩৩টি প্রকল্পের বিপরীতে ১ কোটি ৬৪ লাখ ৪২ হাজার ৪৪৭ টাকা উত্তোলন করা হয়েছে। এর মধ্যে উল্লিখিত ১৭টি প্রকল্পের তথ্য পর্যালোচনায় দেখা যায়, প্রোটেক্টিভ ওয়ার্ক উপজেলা রোড সংস্কার প্রকল্পে মেসার্স সোহাগ কনস্ট্রাকশনের (ঠিকাদার: জি.এম ইউনুস) নামে ৫ লাখ ৭৪ হাজার ৪৫৯ টাকা বিল তোলা হয়েছে। কুরিপাইকা মেইন রোড সিদ্দিক মোল্লার বাড়ির রোডে পূর্ব কাকড়াবুরিয়া রোড সংস্কার প্রকল্পে মেসার্স শ্রাবনী স্টোরের (ঠিকাদার: হাসিনা বেগম) মাধ্যমে ৫ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা এবং রিপেয়ার ওয়ার্ক অব ঘেরাখালী নুরিয়া দাখিল মাদ্রাসা সংস্কার প্রকল্পে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের (ঠিকাদার: মো. মহসিন গাজী) নামে ৭ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা বিল দেওয়া হয়েছে।
ইমপ্রুভ অব সলিং রোড সমাজ কল্যাণ রোড টু বুধবার হাট ব্রিজ সংস্কার প্রকল্পে মেসার্স শহিদুল এন্টারপ্রাইজের (ঠিকাদার: মো. শহিদুল ইসলাম) মাধ্যমে ৬ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা তোলা হয়েছে। ব্রিক সলিং রোড, বদরপুর ইউনিয়ন গাবুয়া ৩ নং ওয়ার্ড জালালের বাড়ি টিউবওয়েল স্থাপন প্রকল্পে মেসার্স জাকিয়া এন্টারপ্রাইজের (ঠিকাদার: জাকিয়া আক্তার) নামে ৮ লাখ ১২ হাজার ১৫৪ টাকা এছাড়া পটুয়াখালী সদর উপজেলা দক্ষিণ সাইডে বাউন্ডারি ওয়াল নির্মাণ প্রকল্পেও একই প্রতিষ্ঠানের মাধ্যমে হুবহু ৮ লাখ ১২ হাজার ১৫৪ টাকা বিল তোলা হয়েছে। পাশাপাশি কনস্ট্রাকশন ওয়ার্ক অব ফিশ সেট, ধরান্দি বাজার সংস্কার প্রকল্পে মেসার্স সোহাগ কনস্ট্রাকশনের নামে উত্তোলন করা হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৬৮৪ টাকা।
অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে মাদারবুনিয়া ১নং ওয়ার্ড মিজান হাং বাড়ি খালে কালভার্ট নির্মাণ প্রকল্পে ঠিকাদার জহিরুল ইসলামের নামে ২ লাখ টাকা এবং উপজেলা সমাজসেবা অফিস রিপেয়ারিং প্রকল্পে একই ঠিকাদারের নামে ৩ লাখ টাকা তোলা হয়েছে। উপজেলা পরিষদ সংস্কার ৪তলা ভবনের বাহির পাশে রং প্রকল্পে মেসার্স সোহাগ কনস্ট্রাকশনের মাধ্যমে ৬ লাখ টাকা, উপজেলা প্রকৌশলীর অফিস মেরামত (পার্ট-২) প্রকল্পে ঠিকাদার মো. মোস্তাফিজুর রহমানের নামে ৩ লাখ টাকা এবং লোহালিয়া ইউপি অফিস আরসিসি করণ প্রকল্পে ঠিকাদার মো. আলী হোসেন মৃধার মাধ্যমে ২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।
আব্দুল হক সেলিম হাং বাড়ি গভীর নলকূপ স্থাপন প্রকল্পে ঠিকাদার আব্দুস সালাম মাতুব্বরের নামে ৬ লাখ টাকা, মরিচবুনিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে লোহার ব্রিজের স্লিপার সরবরাহ প্রকল্পে ঠিকাদার বিলকিসের নামে ২ লাখ ১০ হাজার টাকা, সমবায় অফিস মেরামত প্রকল্পে ঠিকাদার মো. নাসির উদ্দিনের মাধ্যমে ৩ লাখ টাকা এবং উপজেলা প্রকৌশলী অফিস মেরামত (পার্ট-১) প্রকল্পে ঠিকাদার মো. মজিবর হাওলাদারের নামে ৩ লাখ টাকা তোলা হয়েছে। উপজেলা পরিষদ ভবনের রং, দরজা, জানালা মেরামত প্রকল্পে মেসার্স সোহাগ কনস্ট্রাকশনের মাধ্যমে আরও ৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায় , অধিকাংশ প্রকল্পে কোনো কাজ হয়নি এবং বাস্তবায়িত কাজের বিপরীতে অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে। কাজ শেষ না করেই তড়িঘড়ি করে বিল উত্তোলন এবং সরকারি ক্রয় বিধিমালা অমান্য করে পছন্দের ঠিকাদারদের সুবিধা দেওয়ার বিষয়টি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল এ বিষয়ে অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।