১৫ নভেম্বর, ২০২৬

ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত হলো দেশের দীর্ঘতম ২ লেনের কাঠের সেতু

ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত হলো দেশের দীর্ঘতম ২ লেনের কাঠের সেতু

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট দেশের  দীর্ঘতম ২ লেনের কাঠের সেতু নির্মিত হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) সেতুটি উদ্বোধন করেন দুর্গাপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। এই সেতু নির্মাণের ফলে নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম সহ স্থানীয় অন্তত ৮০ হাজার মানুষের দুর্ভোগ লাঘব হলো। পাশাপাশি সারাদেশ থেকে আগত পর্যটকদের যাতায়াতের সুব্যবস্থা হলো। স্থানীয় নাগরিকরা এই মানবিক উদ্যোগের জন্য ডেপুটি স্পিকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

সোমেশ্বরী নদীর ওপর স্থায়ী সেতু না থাকায়  এতোদিন সাধারণ মানুষ প্রতিদিন নদী পারাপারে সীমাহীন ভোগান্তি পোহাতেন। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা নদী পার হতে গিয়ে নানা সমস্যায় পড়তো।

এই সেতুতে সাধারণ মানুষের পাশাপাশি রিকশা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। যানবাহন পারাপারে টোল আদায় করা হবে। তবে পথচারী ও শিক্ষার্থী পারাপার, সাইকেল, প্যাডেলচালিত রিক্সা, এম্বুলেন্স পারাপারে কোন টোল লাগবে না। সেতুর টোল থেকে প্রাপ্ত উদ্বৃত্ত অর্থ স্থানীয় মসজিদ, মন্দির, গীর্জা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে জানান সেতু কর্তৃপক্ষ।

এই কাঠের সেতু নির্মাণ প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আলহামদুলিল্লাহ, আজ দেশের সবচাইতে দীর্ঘ ২ লেন বিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন  করলেন স্কুলের শিক্ষার্থীরা।

তিনি দুর্গাপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন সবাই মিলে এলাকার উন্নয়নে একসাথে কাজ করি এবং মানবিক দুর্গাপুর গড়ে তুলি। 

ডেপুটি স্পিকার বলেন, স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প এগিয়ে চলছে। আশা করি ২০২৯ সনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে ইনশাআল্লাহ। সবার সদয় সহযোগিতা বিনীতভাবে কাম্য।

সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সেতু পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় নাগরিকবৃন্দ।