২২ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর উদ্যোক্তাদের জাতীয় থেকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাব: এজিএম আলমগীর সিকদার

পটুয়াখালীর উদ্যোক্তাদের জাতীয় থেকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাব: এজিএম আলমগীর সিকদার

পটুয়াখালী জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৬ সফলতার শেষ পর্যায়ে পৌঁছেছে। মেলার নবম দিনে এসে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ও ব্যাপক বেচাকেনায় মুখরিত হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। এবারের মেলায় স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি জেলার বাইরে থেকেও মানসম্মত পণ্য নিয়ে আসা হয়েছে, যা স্থানীয় উদ্যোক্তাদের আরও উন্নত পণ্য উৎপাদনে অনুপ্রাণিত করছে।

মেলার সার্বিক বিষয়ে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বিসিক পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আলমগীর সিকদার বলেন, পটুয়াখালীর বিসিক মেলা এখন শুধু কোনো দাপ্তরিক আয়োজন নয়; এটি আজ পটুয়াখালীর আপামর জনসাধারণের প্রাণের মেলায় পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। এ বছর প্রায় ২০০ আবেদন থেকে যাচাই-বাছাই করে ১২০ থেকে ১২৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ বা তারও বেশি উদ্যোক্তা নারী। নারীরা ঘরোয়াভাবে হস্তশিল্প ও কুটির শিল্পের মাধ্যমে যে পণ্যগুলো তৈরি করছেন, তাদের আমরা খুঁজে বের করা থেকে শুরু করে প্রশিক্ষণ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন দাপ্তরিক সহায়তা দিয়ে আসছি।”

উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, বিসিকের পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের মাত্র ৫% এবং পুরুষ উদ্যোক্তাদের ৬% সার্ভিস চার্জে ক্ষুদ্র ঋণ দেওয়া হচ্ছে। এছাড়া নিরাপত্তার দিকটি নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ, গ্রাম পুলিশ ও স্কাউট ভলান্টিয়ারদের সমন্বয়ে চার স্তরের কড়া নিরাপত্তা এবং ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দর্শনার্থীরা নিরাপদে মেলা উপভোগ করছেন।

নীতিমালা অনুযায়ী মেলা ১০ দিনের বেশি বাড়ানো না গেলেও পটুয়াখালীতে মেলার ব্যাপক চাহিদার কারণে পরবর্তীতে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নতুন কোনো দিবসে আবারও মেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিসিক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ টিপু স্যারের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতার কথা স্মরণ করে তিনি বলেন, বিসিক পরিবারের আন্তরিক প্রচেষ্টা এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঠিক প্রচার-প্রচারণার কারণেই মেলাটি এযাবৎকালের সবচেয়ে সফল মেলায় রূপ নিয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর সিকদার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আগামীতে পটুয়াখালীতে আরও বড় পরিসরে ন্যাশনাল লেভেলের মেলা আয়োজনের প্রস্তুতি রয়েছে। আমাদের লক্ষ্য— পটুয়াখালীর স্থানীয় উদ্যোক্তাদের শুধু জাতীয় পর্যায় নয়, সক্ষমতার ভিত্তিতে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাওয়া।” আগামীকাল সমাপনী দিনের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের সফল এই আয়োজনের।