পটুয়াখালী জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়ন প্রকল্পের নামে চলছে এক ভয়ংকর ও নজিরবিহীন হরিলুট। সরকারি নথিপত্র এবং মাঠপর্যায়ের বাস্তব চিত্রের মধ্যকার ফারাক এখন এমন এক নির্মম সত্যে এসে ঠেকেছে, যেখানে উন্নয়ন পরিণত হয়েছে রাষ্ট্রীয় অর্থ চুরির মচ্ছবে। কাগজে-কলমে প্রকল্পের অগ্রগতি ৭৭.৫১% দেখানো হলেও মাঠের কঠিন বাস্তবতা বলছে—বাস্তবায়িত হয়নি অন্তত ১৭.৫১% কাজ। আর এই সুকৌশলী কারসাজির আড়ালে লোপাট করা হয়েছে প্রায় ২৭৮ কোটি ৫০ লাখ টাকার সরকারি অর্থ!
দেশের ট্যাক্সের টাকায় গড়া গ্রামীণ অবকাঠামো, সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণের এই অর্থ তছরুপকে কেবল সাধারণ দুর্নীতি বলতে নারাজ সচেতন মহল ও স্থানীয়রা; তাদের চোখে এটি জনগণের রক্তজল করা আয়ের সঙ্গে বেইমানি এবং সরাসরি জঘন্যতম রাষ্ট্রদ্রোহী অপরাধ।
এলজিইডি পটুয়াখালী কার্যালয়ের অফিশিয়াল তথ্য বিবরণী অনুযায়ী, জেলায় বর্তমানে ১৯টি উন্নয়ন প্রকল্পের কাজ পরিচালিত হচ্ছে। এসব প্রকল্পের অধীনে মোট ১,৪৭৩টি স্কিম বা উন্নয়ন কাজের অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে ৯৫৭টি কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত দেখানো হয়েছে এবং ৫১৬টি কাজ এখনও চলমান রয়েছে। অনুমোদিত এই ১৯টি প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৫,৯০৫৭.৬৬ লক্ষ টাকা বা প্রায় ১,৫৯০.৫৮ কোটি টাকা।
সরকারি হিসাবের মারপ্যাচে এই ১৯টি প্রকল্পে গড়ে প্রায় ৭৭.৫১ শতাংশ কাজ বাস্তবায়িত হয়েছে বলে দাবি করা হয়েছে। এই হিসাব অনুযায়ী সম্পন্ন হওয়া কাজের প্রাক্কলিত আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ১,২৩২.৮৫ কোটি টাকা।
কিন্তু অনুসন্ধানী সূত্র ও মাঠপর্যায়ের চিত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। কাগজপত্রে ৭৭.৫১% কাজ সম্পন্ন দেখানো হলেও মাঠে ১৭.৫১% কাজই করা হয়নি। অর্থাৎ মোট প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে এই ১৭.৫১ শতাংশ অনুপস্থিত কাজের আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ২৭,৮৫০.০১ লক্ষ টাকা বা প্রায় ২৭৮ কোটি টাকা। কোনো রকম কাজ বা দৃশ্যমান অগ্রগতি না রেখেই ভুয়া ভাউচার ও মনগড়া নথিপত্র তৈরি করে এই বিশাল অংকের সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে।
অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাবদ প্রাক্কলিত ব্যয় ১৩,৫২৯.০০ লাখ টাকা। ১৫৫টি স্কিমের মধ্যে ১০১টি সমাপ্ত, ৫৪টি চলমান। বরাদ্দ স্বল্পতার ধুয়া তুলে অগ্রগতি দেখানো হয়েছে ৮৫%।
রাজস্ব বাজেটের আওতায় পল্লী সড়ক ও কালভার্ট মেরামত বাবদ প্রাক্কলিত ব্যয় ১০,৪০৪.০০ লাখ টাকা। ১০১টি স্কিমের মধ্যে ৩১টি সমাপ্ত, ৭০টি চলমান। বিটুমিন ও মালামালের মূল্যবৃদ্ধির অজুহাতে অগ্রগতি দেখানো হয়েছে মাত্র ৪৫%।
গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ২য় পর্যায় বাবদ প্রাক্কলিত ব্যয় ২,১৬৭.১০ লাখ টাকা। ৮৮টি স্কিমের মধ্যে ৭৩টি সমাপ্ত, ১২টি চলমান। অগ্রগতি ৭৫%। গলাচিপা উপজেলায় ২টি ব্রিজের অ্যাপ্রোচ সড়কের জমি অধিগ্রহণে বিলম্বের অজুহাত।
সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাবদ প্রাক্কলিত ব্যয় ৩,৬৬২.০০ লাখ টাকা। ৬১০টি স্কিমের মধ্যে ৪২০টি সমাপ্ত, ১৯০টি চলমান। বরাদ্দ স্বল্পতার কথা বলে অগ্রগতি দেখানো হয়েছে ৬৫%।
ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্প বাবদ প্রাক্কলিত ব্যয় ১০,৫৭২.০০ লাখ টাকা। ৫২টি স্কিমের মধ্যে ৩৫টি সমাপ্ত, ১৪টি চলমান। অগ্রগতি দেখানো হয়েছে ৮০%।
সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প বাবদ প্রাক্কলিত ব্যয় ৪,২৫৭.০০ লাখ টাকা। ৮১টি স্কিমের মধ্যে ৫৮টি সমাপ্ত, ১৮টি চলমান। অগ্রগতি দেখানো হয়েছে ৯০%।
পল্লী সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্প বাবদ প্রাক্কলিত ব্যয় ৭,৫২৯.৮০ লাখ টাকা। ৪টির মধ্যে ৩টি সমাপ্ত, ১টি চলমান। অগ্রগতি ৮০%।
গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্প বাবদ প্রাক্কলিত ব্যয় ৪০,৫০০ লাখ টাকা। ৫২টি স্কিমের মধ্যে ৪৩টি সমাপ্ত, ৯টি চলমান। অগ্রগতি দেখানো হয়েছে ৮০%।
দেশের দক্ষিণ অঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন বাবদ প্রাক্কলিত ব্যয় ২৮,৫৯১.০০ লাখ টাকা। ১৪২টি স্কিমের মধ্যে ৮২টি সমাপ্ত, ৫৭টি চলমান। অগ্রগতি দেখানো হয়েছে ৮৫% (১৬টি কাজ মামলায় স্থগিত)।
গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প বাবদ প্রাক্কলিত ব্যয় ২৬,৫৪৩.০০ লাখ টাকা। ৩১টির মধ্যে ১০টি সমাপ্ত, ২১টি চলমান। অগ্রগতি ৭৯%।
পটুয়াখালী এলজিইডি কার্যালয়ে ভুয়া বিল ও দুর্নীতির শিকড় কতটা গভীরে প্রোথিত, তার প্রমাণ মেলে অতীতের বিভিন্ন ঘটনায়। বর্তমান নির্বাহী প্রকৌশলী মো. ওয়ালিয়ার রহমান যোগদানের পরই জেলায় কিছু চাঞ্চল্যকর জালিয়াতি সামনে আসে এবং তিনি দুই প্রকৌশলীকে শোকজ করেন।
তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও একাধিক ভয়ংকর তথ্য। এর মধ্যে অন্যতম বিগত প্রায় সাত বছর ধরে গলাচিপা উপজেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে জাহাঙ্গীর আলম গড়ে তুলেছিলেন দুর্নীতির একচ্ছত্র সাম্রাজ্য। অভিযোগ রয়েছে, এই দীর্ঘ মেয়াদে তিনিই সবচেয়ে বেশি অর্থ লোপাট করেছেন।
এর একটি জ্বলন্ত উদাহরণ হলো—গলাচিপার উলানিয়া বাজারে রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়ন কাজ। দাপ্তরিক নথিতে ঠিকাদারি প্রতিষ্ঠান Md ahnaf enterprise-এর অনুকূলে এই কাজের বিপরীতে ২ লাখ ৮৪ হাজার ৯৬১ টাকা বিল পরিশোধ দেখানো হলেও, বাস্তবে মন্দিরে বিন্দুমাত্র কোনো কাজই করা হয়নি! সম্পূর্ণ অর্থ লোপাট করা হয়েছে ভূতুড়ে বিলের মাধ্যমে। অবাক করার বিষয় হলো, দীর্ঘ সাত বছর ধরে এমন পুকুরচুরি ও লুটপাটের পুরস্কারস্বরূপ ওই প্রকৌশলীকে বর্তমানে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সিনিয়র সহকারী প্রকৌশলী পদে বহাল রাখা হয়েছে!
অনুসন্ধানে আরও উন্মোচিত হয়েছে এক চাঞ্চল্যকর সত্য। পটুয়াখালী এলজিইডি অফিসের সিংহভাগ কর্মকর্তা ও প্রকৌশলী সরাসরি ঠিকাদারি সিন্ডিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। নিয়ন্ত্রিত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে টেন্ডার বাটোয়ারা, নামমাত্র কাজ করে শতভাগ বিল উত্তোলনের মহোৎসব চলছে বছরের পর বছর ধরে।
এ বিষয়ে বর্তমান এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. ওয়ালিয়ার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তিনি সম্প্রতি যোগদান করেছেন এবং পূর্ববর্তী সময়ে সংগঠিত এসব অনিয়ম বা ভুয়া বিলের প্রক্রিয়ার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।
পটুয়াখালীর সচেতন নাগরিক সমাজ ও স্থানীয়রা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, রাষ্ট্রের সঙ্গে এই প্রতারণা ও ২৭৮ কোটি টাকার বেশি আত্মসাৎ কোনো সাধারণ অপরাধ নয়; এটি জঘন্যতম রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড। অবিলম্বে পটুয়াখালী জেলা প্রশাসনের নিকট এই দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারি সিন্ডিকেটের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি ভূমিকা গ্রহণের জোরালো দাবি জানানো হয়েছে।
জেলা প্রশাসনকে দ্রুত মাঠে নেমে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে গণমাধ্যম কর্মীদের সম্মুখে প্রতিটি প্রকল্পের সরেজমিন থার্ড-পার্টি অডিট পরিচালনা এবং ভুয়া বিল ও কাগজপত্রের মাধ্যমে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরসহ কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।